বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক ও নিরঙ্কুশ জয় অর্জনের জন্য প্রাণভরে অভিনন্দন জানিয়েছে। সমিতির সভাপতি মাহমুদ হাসান খান স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) এই জয়কে দেশের গণতান্ত্রিক ইতিহাসের একটি অবিস্মরণীয় মাইলফলক হিসেবে অভিহিত করা হয়েছে।
বিজিএমইএ জানিয়েছে, তারেক রহমানের অনন্য ও দূরদর্শী নেতৃত্বে বিএনপি যে দুই-তৃতীয়াংশের অধিক আসনে বিজয়ী হয়েছে, তা দেশের সর্বস্তরের মানুষের গণরায়েরই প্রকৃত প্রতিফলন। সংগঠনটির মতে, এই ফলাফল দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের আশাব্যঞ্জক প্রত্যাশার প্রতিফলন হিসেবে দেখা যা উচিত।
বার্তায় বিজিএমইএ আশা প্রকাশ করেছে যে, তারেক রহমানের বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্ব দেশের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধিতে ও অর্থনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি সমৃদ্ধ, ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে এই নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে—এমন দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছে সংগঠনটি।
তারা আরও জানিয়েছে, তৈরি পোশাকই বাংলাদেশের অর্থনীতির মূল প্রাণশক্তি হওয়ায়, এলডিসি উত্তরণ-পরবর্তী বিশ্ববাজারের চ্যালেঞ্জ মোকাবিলা এবং শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সরকারের দূরদর্শী নীতিগত সহায়তা ও ব্যবসা-বান্ধব দৃষ্টিভঙ্গি অপরিহার্য। বর্তমান সন্ধিক্ষণে এসব ব্যবস্থাই শিল্পকে গতিশীল রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
সংগঠনটি ২০৩০ সালের মধ্যে পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার জাতীয় লক্ষ্য অর্জনে সরকারের পূর্ণ সহযোগিতার প্রত্যাশা জানিয়েছে এবং ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্ববাজারে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠার আশাবাদ প্রকাশ করেছে। একই সঙ্গে, বিজিএমইএ পরিবারের যেসব সদস্য বিপুল জনসমর্থন নিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, তাদের জাতীয় সংসদে সক্রিয় ভূমিকা নেওয়া হলে পোশাক শিল্পের সমস্যা সমাধান এবং সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী হবে বলেও সংগঠনটি মনে করে।
অভিনন্দন বার্তার শেষাংশে বিজিএমইএ তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ পরিচালনায় তাঁর সকল উদ্যোগের সাফল্য কামনা করেছে।






