শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় সীমান্তে চালানো এক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই ওষুধ উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) সদস্যরা বুধবার সকাল (১৮ ফেব্রুয়ারি) নলকুড়া ইউনিয়নের গারো পাহাড়ের হলদিগ্রাম সীমান্ত এলাকা থেকে এসব ওষুধ জব্দ করেন।
বিজিবি সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা চালাচ্ছিলো চোরাকারবারিরা। তারা অভিনব কৌশল ব্যবহার করে ভারতীয় ওষুধ পাস করার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এক টহল দল দ্রুত অভিযান চালায়। ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক টাপেন্টাডল-১০০ মিলি ট্যাবলেট জব্দ করা হয়। যদিও অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ওষুধের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানা গেছে।
ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, “ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত সুরক্ষায় বিজিবি নিয়মিত দায়িত্ব পালন করছে। মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”






