শেরপুরের ঝিনাইগাতীর রামেরকুড়া গ্রামের নাসরিন বেগমকে বিভাগীয় পর্যায়ে ‘অদম্য নারী (জয়িতা) পুরস্কার-২০২৫’ শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে নির্বাচিত করে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। পুরস্কারটি মহিলাদের সার্বিক উন্নয়ন ও সংগ্রামের স্বীকৃতিতে আয়োজিত অদম্য নারী পুরস্কার কার্যক্রমের আওতায় ‘‘নির্যাতনের দুঃস্বপ্ন থেকে জীবনের সংগ্রামে জয়ী নারী’’ ক্যাটাগরিতে তাকে এই সম্মাননা দেয়া হয়েছে।
নাসরিন বেগম রামেরকুড়া গ্রামের মোহসিন আলীর কন্যা। বহু প্রতিকূলতা পেরিয়ে তিনি নিজের ভরসা ও পরিশ্রমে জীবনের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং সেই সংগ্রামের স্বীকৃতি হিসেবে এই বিভাগীয় সম্মান পাচ্ছেন।
মঙ্গলবার (৩ মার্চ) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে নাসরিন বেগমকে সম্মাননা স্মারক তুলে দেন। আশরাফুল আলম দৈনিক বাংলাকে বলেন, “নাসরিন বেগম মেধা ও পরিশ্রম দিয়ে সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন। আশা রাখি ভবিষ্যতে তিনি আরও বড় সাফল্য অর্জন করবেন।”
তার এই অর্জন স্থানীয়ভাবে উৎসাহ ও প্রশংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবন্ধকতা অতিক্রম করে তিনি যেভাবে এগিয়ে এসেছেন, তাতে অনেকে অনুপ্রাণিত হয়েছেন এবং আগামীতেও তার আরও সফলতার প্রত্যাশা করছেন।






