ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির তৃতীয় বৈঠক বুধবার (১ এপ্রিল) সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠক সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস. এম. জাহাঙ্গীর হোসেন, মো. অলি উল্লাহ, মো. সাইফুল আলম ও মো. আবুল হাসনাত। এছাড়া সংসদ সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধানত মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্য ভবনগুলোর সংস্কার ও মেরামত কার্যক্রমের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। সিভিল, ই/এম এবং কাঠের কারখানার কাজের স্থিতি, তদারকি ও প্রয়োজনীয় সম্পদ বরাদ্দ সম্পর্কে বিষদভাবে আলোচনা হয়।
শেরে-ই-বাংলা নগরে অবস্থিত এমপি হোস্টেলে ১৫৬টি অফিস কক্ষের সংস্কার ও মেরামতের কার্যক্রমও বৈঠকে নেয়া আলোচ্য বিষয় ছিল। দ্রুত ও মানগত কাজের ওপর জোর দিয়ে সময়মতো কাজ সম্পন্ন করার আহ্বান জানানো হয়।
সদস্যদের জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা নিশ্চিত করতে জাতীয় সংসদ মেডিকেল সেন্টারে পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিকেল অফিসার পদায়ন/সংযুক্তি করার সুপারিশ করা হয়। এ ছাড়া মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় থাকা ফ্ল্যাটগুলোর ২৪ ঘণ্টা নিরাপত্তা জোরদার করার পরামর্শ দেওয়া হয়।
কমিটি সদস্য ভবন শাখায় ভবনগুলোর জন্য নির্ধারিত জনবল পূর্বের রেওয়াজ অনুযায়ী পদায়ন করার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়। একইসঙ্গে সংসদ ভবন ও সদস্য ভবনগুলোতে পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
সংসদ অধিবেশন কক্ষে শব্দজনিত সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে এমন একটি প্রতিধ্বনিবিহীন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ করা হয় যা শব্দ তৈরি হওয়ার ১ সেকেন্ডেরও কম সময়ে শোষণ করবে। পাশাপাশি কক্ষের ইন্টারনেটের ধীরগতির সমস্যা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে এছাড়া সদস্যদের জন্য নির্ধারিত ফ্ল্যাটগুলো আগামী ১০ তারিখের মধ্যে প্রস্তুত রেখে বরাদ্দ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা সহ অন্যান্য প্রাসঙ্গিক কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সুপারিশ গৃহীত হয়।






