নওগাঁর পোরশা উপজেলায় সড়ক অবরোধ করে সংঘটিত একটি ডাকাতির ঘটনায় আন্তঃজেলা একটি ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর লুণ্ঠিত মালামাল ও ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ১২টায় নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতারির পাশাপাশি ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করা হয়েছে এবং অপর সদস্যদের ধরতে অভিযান চলমান রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন: নওগাঁ সদর থানার দোগাছী (দক্ষিণপাড়া) গ্রামের মৃত আবু তালেবের ছেলে গোলাম মোস্তফা শ্যামল (৫৫), মহাদেবপুর থানার শিবরামপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মোস্তাক আহমেদ জাহিদুল (৪৬), সাপাহার থানার খোট্টাপাড়া গ্রামের মৃত কালু মন্ডলের ছেলে আবু তাহের (৫৬) ও তার ছেলে কামাল হোসেন (২৩)।
পুলিশ জানায়, গত ৩১ মার্চ রাত আনুমানিক আটটার দিকে পোরশা থানার সরাইগাছী-খাট্টাপাড়া সড়কের ফকিরের মোড় সংলগ্ন একটি ব্রিজে রশি টানিয়ে সড়ক অবরোধ করে ডাকাতরা। একে একে দুইটি মোটরসাইকেলে আসা ছয় যাত্রীকে তারা আটক করে। পরে ভুক্তভোগীদের পাশের একটি আমবাগানে নিয়ে নিয়ে হাত-পা বেঁধে রাখা হয়।
ডাকাতরা ভুক্তভোগীদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা, একটি স্মার্টফোন, তিনটি বাটন ফোন এবং দুইটি ১২৫ সিসির ডিসকভার মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগীরা থানায় মামলা করলে পুলিশ দ্রুত অভিযানে নামে।
পুলিশ সুপার বলেন, তথ্য-প্রযুক্তির সহযোগিতায় মাত্র ১৪ ঘণ্টার মধ্যে ঘটনার মূল কৌশল ও রহস্য উদঘাটন করা সম্ভব হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন স্থান থেকে ওই ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় লুট হওয়া মালামাল ও দেশীয় তলোয়ারসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে জেলাভিত্তিক অভিযানের মাধ্যমে অনুসন্ধান অব্যাহত রয়েছে। তিনি সাধারণ মানুষকে সড়কপথে চলাচলের সময় সতর্ক থাকার আহ্বান জানিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।






