ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন খান পলাশ শনিবার (৪ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। তিনি জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল অর্পণ, দোয়া ও মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা জানানো ও ফুল অর্পণ শেষে দুই নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন আফজাল হোসেন খান পলাশ। ওই অনুষ্ঠানে তিনি বলেন, দলীয় নেতা তারেক রহমানকে তাঁকে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে পাথেয় করে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
পলাশ তাঁর পরিকল্পনা সম্পর্কে বলেন, ফরিদপুর জেলায় নাগরিক সেবা নিশ্চিত করা ও স্বচ্ছতা ফিরিয়ে আনা হবে প্রধান লক্ষ্য। দুর্নীতির প্রতি জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে মানবকল্যাণমুখী পরিকল্পনা চালু করা হবে এবং স্থানীয় জনগনের সহযোগিতায় সুন্দর ও পরিকল্পিত জেলা গড়ার জন্য কাজ করা হবে।
এ সময় ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র নেতা মো: শামীম হোসেন, খন্দকার শামসুল আরেফিন সাগর, জাকির হোসেন নিশাত, আসিব আক্তার টনি, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কে এম জাফর, বিএনপি নেতা মামুনুর রশিদ বাবু, মুক্তার খান, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক জহরুল ইসলাম সেন্টু, মহানগর জাসাসের যুগ্ম আহবায়ক মো: কামাল হোসেন, মাহে আলম গোগা, সেলিম মাতুব্বর, মোহাম্মদ আলেব, মোহাম্মদ সুমন, শহিদুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।






