স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হাম নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম ১৪ দিন এগিয়ে এনে আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে শুরু করা হবে। তিনি বলেন, দেশের টিকামজুত স্থিতিশীল ও পর্যাপ্ত রয়েছে।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা হামের প্রাদুর্ভাব নিয়ে জরুরি নোটিশ উত্থাপন করলে জবাবে এই তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা সংগ্রহে সরকার সফল হয়েছে এবং হামের টিকা নিয়ে কোনো সংকট নেই।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সরকার এখন পর্যন্ত ২ কোটি ১৯ লাখ ডোজ হাম-রুবেলা টিকা সংগ্রহ করেছে এবং মজুতও রয়েছে। দুর্নীতি ও বিলম্ব এড়াতে এবার টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। ৫ এপ্রিল থেকে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে টিকা কার্যক্রম চালানোর জন্য ৩৪ লাখ ৮৩ ডোজ টিকা বিতরণ করা হয়েছে। এক ভায়ালে ১০ ডোজ টিকা দেওয়া যায়।
টিকার সংরক্ষণে কোল্ড চেইন বজায় রাখা হচ্ছে এবং সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত টিকা রয়েছে—এমন আশ্বাস দিয়েছেন মন্ত্রী। তিনি সংবাদকর্মী ও জনগণকে অনুরোধ করে বলেন, হাম নিয়ে অযথা আতঙ্ক ছড়াবেন না।
এছাড়া মন্ত্রী উল্লেখ করেছেন, গত ৯ মাস ধরে বেতন না পাওয়া কর্মীদের বেতন পর্যায়ক্রমে পরিশোধ করা শুরু হয়েছে এবং অন্যান্য সমস্যাগুলোরও সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।






