যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি ও পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তিনি জানান, যেকোনো সিদ্ধান্ত গ্রামের মানুষ ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে এবং ইনশাআল্লাহ তা বাস্তবে রূপ পাবে।
গত শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্লবী এলাকায় ৫ নম্বর ওয়ার্ডে মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি। পবিত্র রমজানের তৃতীয় দিন অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয়রা অংশ নেন।
ইফতারসামগ্রী বিতরণকালে আমিনুল হকরা আরও বলেন, ‘‘আমি আপনাদের সঙ্গে আলোচনা করেই প্রতিটি পরিকল্পনা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব।’’’ তিনি স্থানীয়দের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, ‘‘ঘরে ঘরে গিয়ে ‘জান্নাতের টিকিট’ বিক্রির নামে প্রতারণা ও মিথ্যাচারের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে—এধরনের কাহিনির কাছে কেউ যেন বিভ্রান্ত না হন।’’
প্রতিমন্ত্রী আরও অভিযোগ করেন, ‘‘কেউ কেউ টাকা ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন।’’ এসব অপচেষ্টা থেকে সতর্ক থাকার জন্য তিনি এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






