মানিকগঞ্জের সিংগাইর থেকে এক যুগ ধরে পলাতক থাকা ২২ মামলার ওয়ারেন্টভুক্ত জসীম উদ্দিন (৫০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সিংগাইর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত জসীম উদ্দিন উপজেলার জার্মিত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের বাসিন্দা এবং আমির আলীর ছেলে। পুলিশ জানায়, তিনি গ্রেফতার এড়াতে বিগত দশ বছর ধরে দেশের বিভিন্ন স্থান এ পালিয়ে বেড়াতেন।
সিংগাইর থানা সূত্রে জানা গেছে, পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সিংগাইর থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাকে মঙ্গলবার দিবাগত রাতের দিকে ঢাকার চকবাজার থানা এলাকা থেকে গ্রেফতার করে। অভিযানটি সিংগাইর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে করা হয়।
পুলিশ বলছে, জসীমের বিরুদ্ধে থানায় মোট ২২টি ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে ১টি জিআর সাজা ওয়ারেন্ট, ২টি সিআর সাজা ওয়ারেন্ট, ২টি জিআর ওয়ারেন্ট এবং ১৭টি সিআর ওয়ারেন্ট মুলতবি রয়েছে।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামি দীর্ঘদিন পালিয়ে থাকলেও তথ্যপ্রযুক্তি ও কার্যকর গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত আসামিকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।”






