কোরবানির পশুর বর্জ্য ও সড়কে ময়লা-আবর্জনা ঠিকমতো অপসারণ না হওয়ায় প্রধানমন্ত্রীর সরেজমিন পরিদর্শনের পর দুই আঞ্চলিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত হন। ঘটনাটি রাজধানীর একাধিক সড়কে ময়লার স্তূপ দেখে প্রধানমন্ত্রীর তীব্র অসন্তোষের পরিপ্রেক্ষিতে ঘটে।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— ঢাকা উত্তর সিটি করপোরেশন (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।
শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক পরিদর্শন করেন। গুলশানের বাসভবন থেকে রামপুরা, মালিবাগ ও বাসাবো হয়ে কমলাপুরের দিকে যান তিনি। এরপর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধলাই খাল ও নারিন্দা হয়ে বংশাল, গুলিস্তান, শাহবাগ ও নিউ মার্কেট এলাকা প্রদক্ষিণ করেন। পরবর্তীতে জিগাতলা, ধানমন্ডি, ফার্মগেট ও বিজয় সরণি হয়ে মহাখালী সড়কের সার্বিক চিত্রও তিনি খতিয়ে দেখেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রী মূলত রাজধানীর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে দেখতে বেরিয়েছিলেন। পরিদর্শনকালে কিছু স্থানে সড়কে পচা বর্জ্য ও ময়লার স্তূপ দেখে তিনি গভীর অসন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় রাস্তায় ময়লার স্তূপ লক্ষ্য করা গেলে সেখানে দায়িত্বশীলদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
মন্ত্রী আরও জানান, অভিযুক্ত দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং পেশাগত দায়িত্ব পালনে গাফিলতির দায়ে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আদেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর ঢাকা পরিভ্রমণের সময় গাড়িতে সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ অ্যাডভোকেট মেহেদুল ইসলাম।






