খুলনায় কেএমপি উত্তর, কেএমপি দক্ষিণ ও গোয়েন্দা বিভাগের যৌথ বিশেষ অভিযানে সন্ত্রাসী গ্রুপের সহযোগিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ৩৯ জন গ্রেফতার করা হয়েছে।
কেএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে কমিশনারের নির্দেশনায় মেট্রোপলিটনের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগসহ বিশেষ অভিযান চালানো হয়েছে।
অভিযানটি ৬ জুন সন্ধ্যা ৬টার সময় শুরু করে ৭ জুন সকাল ১০টা পর্যন্ত পরিচালিত হয়। রোববার বেলা সাড়ে ১১টায় এই তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য চিৎড়ি বাবুর সহযোগি কাজী রাফসান মাহমুদ পার্থ (৩০)। পার্থকে চিহ্নিত সন্ত্রাসী হিসেবে দেখা হচ্ছে; সে চাঁদাবাজি, হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি।
অভিযানে আরও গ্রেফতার করা হয়েছে ১০ জন মাদক কারবারি ও ১ জন চোরসহ মোট ৩৯ জনকে। গ্রেফতারকৃতদের থানা অনুযায়ী বণ্টন হলো— খুলনা থানা ৯ জন, সোনাডাঙ্গা মডেল থানা ৫ জন, লবণচরা থানা ১ জন, হরিণটানা থানা ৬ জন, খালিশপুর থানা ৪ জন, দৌলতপুর থানা ২ জন, আড়ংঘাটা থানা ৭ জন এবং খানজাহান আলী থানা ৫ জন।
কেএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানিয়েছে যে মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমন ও শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।






