ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্লোভাকিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মান ‘‘দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’’ দিয়ে ভূষিত করেছেন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি। ব্রাতিস্লাভায় গত সোমবার অনুষ্ঠিত অনুষ্ঠানে এই সম্মাননা দেশের পক্ষ থেকে মোদিকে প্রদান করা হয়। এটি মোদীর ৩৩তম আন্তর্জাতিক সম্মাননা।
রোববার ইউরোপ সফরের উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করেন মোদি এবং ইউরোপ সফরের প্রথম গন্তব্য হিসেবে স্লোভাকিয়াকে বেছে নেন। তাঁর উপস্থিতিতে অভিবাসন, ডিজিটাল প্রযুক্তি ও প্রতিরক্ষা সহ মোট ১১টি যুগোপযোগী চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা দুই দেশের সহযোগিতাকে আরও ব্যাপক করে তুলবে।
১৯৯৩ সালে চেকোস্লোভাকিয়ার ভাঙনের পর স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে গঠিত স্লোভাকিয়ায় কোনো ভারতীয় প্রধানমন্ত্রী এতদিন আগে সফর করেননি—স্বাধীন স্লোভাকিয়ায় প্রথমবারের মতো সফর করলেন মোদি।
সম্মাননা গ্রহণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করে মোদি লিখেছেন, ব্রাতিস্লাভায় ‘‘দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’’ গ্রহণ করে তিনি গর্বিত ও সম্মানিত বোধ করছেন। তিনি স্লোভাকিয়ার সরকার ও জনগণের কাছে নিজের এবং ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান এবং এই সম্মাননাটি ভারত ও স্লোভাকিয়ার স্থায়ী বন্ধুত্বকে উৎসর্গ করেন।
উল্লেখ্য, দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস স্লোভাকিয়ার সর্বোচ্চ সামরিক ও বেসামরিক সম্মাননা, যা সাধারণত বিদেশিদেরকে প্রদান করা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মোদি এই সম্মাননাকে দুই দেশের মধ্যে বিদ্যমান আন্তরিকতা, আস্থা ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে এই স্বীকৃতি ভবিষ্যৎ প্রজন্মকে দুই দেশের বিশেষ সম্পর্ক আরও দৃঢ় করতে অনুপ্রাণিত করবে।






