আফগানিস্তানের পূর্বাঞ্চলের নুরিস্তান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ২৩ জন নিহত এবং প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ও প্রাদেশিক গভর্নরের কার্যালয়।
মঙ্গলবার (২১ জুলাই) উদ্ধারকারীরা কাদামাটি ও বড়-বড় পাথরের নিচে আটকে থাকা মানুষ উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছিলেন। দুর্গম ও পাহাড়ি হওয়ায় উদ্ধারকাজে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে তারা। নুরিস্তানের রাজধানী পারুনে স্থানীয়রা কাঠের খুঁটি ও খালি হাতে খোঁজ তল্লাশি চালাচ্ছেন।
স্থানীয় ওষুধ বিক্রেতা ফরিদ গুল বলেন, ‘জীবনে তিনি এতো ভয়াবহ বন্যা আগে দেখেননি। ঘটনাটি ভূমিকম্পের মতো মনে হচ্ছিল, চারদিকে মানুষ ও শিশুদের চিৎকার শোনা যাচ্ছিল।’ পাহাড়ে উঠে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করতে গিয়ে তিনি আহতও হন।
পারুন শহরের বহু দোকানপাট কাদা ও ধ্বংসস্তূপে চাপা পড়েছে। পাহাড় থেকে নেমে আসা বিশাল পাথর ভবন ও বাজারে আঘাত হানে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরাতে একটি বুলডোজার ব্যবহার করলেও তা পর্যাপ্ত নয় বলে তারা জানিয়েছেন।
প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের তথ্যানুসারে পারুনের মেয়রসহ কয়েকজন সরকারি কর্মকর্তা এখনো নিখোঁজ রয়েছেন।
স্থানীয় স্পোগমাই হোটেলের ব্যবস্থাপক জাকিরুল্লাহ জাকি বললেন, ‘এটি যেন ঈশ্বরের পক্ষ থেকে নেমে আসা এক ভয়াবহ বিপর্যয়।’ তিনি জানান, আশপাশের প্রায় সব হোটেল, বাজার ও দোকানপাট ধ্বংস হয়ে গেছে। তাদের হোটেলটি টিকে থাকলেও জাকিরুল্লাহর ছোট ভাই পরে উদ্ধার করা হয়েছে।
আপাতত উদ্ধার ও ত্রাণকাজ চলমান আছে; কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, আক্রান্ত এলাকার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে এবং তৎক্ষণাৎ চিকিৎসা ও সহায়তা প্রয়োজন।






