বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে এক বছরজন্য চুক্তির মাধ্যমে নিয়োগ পেয়েছেন কাজী জেসিন। এই নিয়োগের প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা হয়। প্রজ্ঞাপন অনুসারে, তিনি তার যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর এই দায়িত্বে থাকবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১’ এর ১১(২) ধারা অনুসারে কাজী জেসিনকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে নতুন এই দায়িত্ব গ্রহণের আগেই তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে পূর্বের সকল কর্মসম্পর্ক সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে।
এছাড়াও, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, নিয়োগের অন্যান্য শর্তাবলি পরবর্তীতে অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। দীর্ঘ সময় ধরে গণমাধ্যম ও উপস্থাপনা ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন কাজী জেসিনের এই নিয়োগ দেশের রাষ্ট্রীয় এই সম্প্রচারমাধ্যমের প্রশাসনিক কার্যক্রমের উন্নয়ন এবং সম্প্রচার প্রক্রিয়ায় নতুন গতি আনার প্রত্যাশা তৈরি করেছে।






