বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন সরকার ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত পরিচালিত হচ্ছে। শুক্রবার (২৯ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “সরকারের যে ভুলগুলো আছে তা জনতা নিশ্চয়ই তুলে ধরতে পারে। কিন্তু চক্রান্ত, ষড়যন্ত্র এবং নানা ইঙ্গিতমূলক ষড়যন্ত্র করা—এসব কিছুই দেশের মানুষ গ্রহণ করে না এবং কখনো গ্রহণ করবে না।” তিনি বিরোধীদলগুলোকে এমন ষড়যন্ত্রমূলক পথ থেকে বিরত থেকে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান।
রিজভী আরও জানান, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) সকাল ১১টায় তার সমাধিতে দল শ্রদ্ধা নিবেদন করবে। ওই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শ্রদ্ধা নিবেদনের পর তারেক রহমান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় বস্ত্র ও খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশ নিবেন বলে রিজভী জানান। পরে বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একই ধরনের আরেকটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।






