বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, গত ১৮ বছরে আওয়ামী লীগ সরকারের নীতির কারণে দেশ চীনের মতো উন্নতি করতে পারেনি এবং তারা দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছে। তিনি বলেন, ভারতের সঙ্গে আমরা ভালো সম্পর্ক চাই, কিন্তু কোনো ধরনের দাদাগিরি আমরা বরদাস্ত করবো না।
শনিবার (২৭ জুন) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন রাশেদ খান।
রাশেদ খান বলেন, ভারত আমাদের প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র। সম্পর্ক ভালো রাখাই চাই, তবে সীমা লঙ্ঘন হলে আমরা চুপ করে থাকবো না। তিনি আরও জানান, বর্তমানে বিজিবি সীমান্তে আগের মতো সাহস ফিরে পেয়েছে।
তিনি বলেন, যারা আজ দাবি করছে বিএনপি ভারতের দালালি করছে, তারা ভুল প্রমাণিত হয়েছে। যদি বিএনপি ভারতের দালাল হয়ে থাকতো, তাহলে সরকারপ্রধান চীনে যাওয়ার আগে হয়ত আগে ভারত সফর করতেন — এমন কথাও তিনি তুলে ধরেন।
রাশেদ খান জামায়াত ও এনসিপির কিছু নেতাদের সরকারের বিরুদ্ধে দেওয়া হুমকির প্রসঙ্গে বলেন, “আপনারা ১৭ বছর ধরে দলীয় কার্যালয় খুলতে পারেননি, বড় বড় কথা বলছেন।” তিনি হাসনাত আবদুল্লাহর সংসদে দুর্নীতির বিরুদ্ধে করা চ্যালেঞ্জের কথাও উল্লেখ করে বলেন, ইউনুস সরকারের সময় সরকারি বরাদ্দ বিশেষভাবে হাসনাত আবদুল্লাহর এলাকায় গিয়েছে—একে কি দুর্নীতি বলা যাবে না?
পুশইন ইস্যু নিয়ে তিনি বলেন, এখন বিজিবি সাহসের সঙ্গে কথা বলছে এবং সীমান্তে চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। বিএনপি কোনো দেশের দালালি করে না।
রাশেদ খান প্রশ্ন করেন, ‘বিএনপি ভারতের দালালী করে না, পাকিস্তানের দালালিও করে না। আবার শিবিরের কয়েকজন কেন্দ্রীয় নেতা পাকিস্তান গিয়ে লাল গালিচা সংবর্ধনা নিয়ে এসে বিএনপিকে ভারতের দালাল বলছে—তাই কি তারা পাকিস্তানের দালাল?’






