হলিউডের প্রখ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই। সোমবার (১৩ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনিতে ৭৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবার তাঁর ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
পারিবারিক বক্তব্যে বলা হয়েছে, জীবনের শেষ মুহূর্তগুলোতে স্যাম নিল তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেই ছিলেন এবং শান্ত ও মর্যাদার সঙ্গে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। খবরটি আকস্মিক ও দুঃখজনক হলেও পরিবারের নিকটস্থরা জানিয়েছেন, তিনি মৃত্যুকালে ক্যানসারমুক্ত ছিলেন। তারা সিডনির সেন্ট ভিনসেন্টস প্রাইভেট হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছে। পরবর্তীতে তার শেষকৃত্য ও অন্যান্য বিস্তারিত জানানো হবে বলে জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করা হয়েছে।
নিল ২০২৩ সালের মার্চে প্রকাশ করেছিলেন যে ২০২২ সালে তাঁর অ্যাঞ্জিওইমিউনোব্লাস্টিক টি-সেল লিম্ফোমা ধরা পড়ে। অসুস্থতার সময়ও তিনি বার্ধক্য, জীবন ও মৃত্যু নিয়ে খোলামেলা কথা বলতেন। ২০২৩ সালের অক্টোবরের ‘অস্ট্রেলিয়ান স্টোরি’ তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে তিনি মৃত্যুকে ভয় পান না; তবে এখনও অনেক কাজ বাকি থাকায় মৃত্যুর ভাবনাটি তাকে বিরক্ত করে।
পাঁচ দশকেরও বেশি দীর্ঘ ও বৈচিত্র্যময় অভিনয়জীবনে স্যাম নিল নিজেকে আন্তর্জাতিক চলচ্চিত্রে প্রতিষ্ঠিত একজন বহুমুখী অভিনেতা হিসেবে তৈরি করেছেন। ১৯৭৯ সালের ‘মাই ব্রিলিয়ান্ট ক্যারিয়ার’, ১৯৮৯ সালের ‘ডেড ক্যাল্ম’ এবং ১৯৯৩ সালের ‘দ্য পিয়ানো’তে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। তবে স্টিভেন স্পিলবার্গের নির্মিত ‘জুরাসিক পার্ক’ সিরিজে ড. অ্যালান গ্রান্টের ভূমিকায় তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন।
তার আরো উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘ইন দ্য মাউথ অব ম্যাডনেস’ এবং টেলিভিশনে ‘পিকি ব্লাইন্ডার্স’, ‘দ্য টিউডরস’-এর মতো জনপ্রিয় সিরিজগুলো। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’-এ আবারও ড. অ্যালান গ্রান্টের চরিত্রে ফিরেই তিনি দর্শকদের নস্টালজিক করে তুলেছিলেন।
স্যাম নিলের মৃত্যু আন্তর্জাতিক চলচ্চিত্রজগতের জন্য একটি বড় ক্ষতি। বন্ধু, সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং তাঁর কর্মজীবনের কৃতিত্ব স্মরণ করছেন। পরিবারের অনুরোধ আমলে নিয়ে শোকপ্রকাশ ও শ্রদ্ধাজ্ঞাপনের ক্ষেত্রে তাদের গোপনীয়তা রক্ষা করার আহ্বান করা হয়েছে।






