সরকারি কাজে কোনো ধরনের গাফিলতি বা শৈথিল্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে অনুষ্ঠিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রিজভী উল্লেখ করেন, সরকারি আমলাতন্ত্র হোক বা তার দলের রাজনৈতিক ব্যক্তিরা— যারা দায়িত্বে অবহেলা করবে, তাদের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “সরকারের কার্যক্রমে যদি কোনো ধরনের গাফিলতি হয়, তাহলে প্রধানমন্ত্রী কঠোর হাতে ব্যবস্থা নিচ্ছেন। প্রশাসনের কোনো কর্মী বা রাজনৈতিক নেতা, সবাই দায়িত্ব পালনেও অবহেলা করলে তাকে সহজে ছাড় দেওয়া হবে না।”
এ সময় রিজভী বইটির গুরুত্ব তুলে ধরে বলেন, জ্ঞান অর্জনের মাধ্যম ছাড়া মানুষের মন ও চেতনা, পাশাপাশি পৃথিবীর অন্ধকার দূর করা সম্ভব নয়। তিনি বললেন, বই হলো এক ধরনের মনের জগতের পাসপোর্ট, যা মানুষের সভ্যতার অগ্রগতির পথ নির্দেশ করে। বর্তমান সরকারের পাঁচ মাসের কর্মকাণ্ডের সফলতা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রকাশিত এই গ্রন্থটি ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল বলে তিনি মনে করেন। রিজভী বলেন, প্রধানমন্ত্রী নিজে মাঠে গিয়ে প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন এবং কাজের সাথে জরিত সব কর্মী-কার্মকর্তাদের নিয়মিত অনুপ্রাণিত করছেন।
তিনি আরও উল্লেখ করেন, সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ অন্যান্য পরিকল্পনা। শীঘ্রই হেলথ কার্ড চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে। গ্যাস সংকট মোকাবিলায় নেওয়া পদক্ষেপগুলো সাধারণ মানুষের জন্য খুবই উপকারি হয়ে উঠছে। তিনি বলেন, নির্বাচন আগে সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রী কঠোর পরিশ্রম করছেন, দেশের প্রতিটি অঞ্চলে গিয়ে সাধারণ মানুষের খোঁজ রাখছেন।
রিজভী আরও মন্তব্য করেন, বর্তমানে যারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং ভালো কাজগুলোতে বাধা দেওয়ার পরিকল্পনা করছে, তাদের জন্য এই গ্রন্থের তথ্য ও পরিসংখ্যান খুবই উপকারী হবে। জনসাধারণের কাছে যখন সঠিক তথ্য থাকবে, তখন তারা বিশ্বাস করবে না মিথ্যা ও বিভ্রান্তিমূলক কথাগুলো। অনুষ্ঠানে রোটারিয়ান নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদ আউয়াল ও অন্যান্য নেতৃবৃন্দ।






